নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বাসযাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে ‘বাদশা’ (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোনও রয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে মোট ২২টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, সহযোগীদের নিয়ে তিনি চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই চালাতেন।
সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং বলেন, “চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
