আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি ছড়ায় পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে আলিয়া সোলতানা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি ছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফি আলমের মেয়ে আলিয়া সোলতানা ছড়ায় নামার পর হঠাৎ তীব্র পানির স্রোতে ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে ঈদগড় মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম।

তিনি জানান, টানা বর্ষণের কারণে ছড়ায় পানির প্রবল স্রোত সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে পাহাড়ি ছড়া ও ঝিরিতে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।