ইমাম খাইর, সিবিএন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এড. এহসানুল মাহবুব যুবায়ের বলেছেন, সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা যুবকদের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিব। এমন বাংলাদেশ গড়বো যেখানে আয়নাঘর থাকবে না।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এড. এহসানুল মাহবুব যুবায়ের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই পরিবর্তন বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন। বৈষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। বিশাল আকাঙ্ক্ষা নিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। রায় বাস্তবায়নে তালবাহানা চলবে না।
তিনি আরো বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি। অবশেষে রক্ত দিয়ে বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন যুবকরাই এনেছে। মাথা ঠান্ডা রক্ত গরম যুবকরা দেশেরা চেহারা পাল্টাতে পারে।
যুবকদের সঙ্গে নিয়ে আমরা সিভিল ডিফেন্স গড়ে তুলবো। সমাজের সমৃদ্ধির ক্ষেত্রে যুবকদের কাজে লাগাতে চাই।
বিগত সরকারগুলোর সমালোচনা করে এড. এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা কোন সরকার নেয়নি। যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে। সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, দেশের অস্ত্র ও কারাগারের করিডোর হয়ে গেছে কক্সবাজার। সীমান্তের উপারে ফেনসিডিল কারখানা। বাধাহীন ঢুকছে মাদক। টার্গেট যুব সমাজ ধ্বংস করা।
তিনি আরো বলেন, যুবকদের বিরাট একটি অংশ বেকার। তাদের হাতে কাজ না থাকায় অপরাধে জড়াচ্ছে। মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে।
যুব বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকরা স্বপ্ন নিয়ে বিদেশ গেলেও কর্মদক্ষতা না থাকায় স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসছে দেশে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করতে চাই।
আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। বড় ধরণের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। টগবগে যুবকদের আমরা জাতি গড়ার কাজে লাগাতে চাই।
প্রধান অতিথি বলেন, নির্বাচনের মাধ্যমে এসে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে। আমি-ডামি নির্বাচনে মানুষের অধিকার হরণ করেছে। ইতিহাসের ভয়ানক কুখ্যাত দলে পরিণত হয় আওয়ামী লীগ।
বিএনপি সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এডভোকেট যুবায়ের।
তিনি বলেন, সব জায়গায় ব্যাপক দলীয়করণ করছে বিএনপি। তাতে নিজেদের কবর রচনা করবে তারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে আন্দোলন ছাড়া বিকল্প পথ থাকবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, যুবকদের অংশগ্রহণ এবং রক্ত ছাড়া পৃথিবীতে কোন বিপ্লব সফল হয়নি। চব্বিশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে যুবকদের নেতৃত্বে। এই যুবকদের বাদ দিয়ে আগামীর ইসলামী বিপ্লব সম্ভব হবে না।
জেলা আমির বলেন, কক্সবাজার যে অবস্থা গেছে আগামীতে বাসযোগ্য জেলা থাকবে না। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সঙ্গে চাই।
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহবান জানান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
‘নতুন দিনের ডাকে জাগো, ভাঙো সকল জীর্ণতার বাধা’ শিরোনামে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের এই সমাবেশে বক্তব্য দেন,
জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ব্যরিস্টার সরওয়ার কামাল, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী আরমান, আজিজুর রহমান, এডভোকেট মামুনুর রশীদ, ডা. কায়সার আমিন কায়েসসহ যুব নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানসহ পৃথিবীর সমস্ত বিপ্লব যুবকরাই ঘটিয়েছে। দেশের প্রয়োজনে নৈতিক অবস্থান থেকে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
মাদক উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক বলেন, সীমান্ত পথে কিভাবে মাদক ঢুকে আপনার জানা আছে। যেকোনো মূল্যে মাদকের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। যুব সমাজকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন।
বেকারত্ব, নৈতিক অবক্ষয় এবং অসংস্কৃতি থেকে যুব সমাজকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ।
সেই সঙ্গে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান।
সমাবেশে শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বার, ইয়াসিন মোহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারি মোঃ শওকত আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
