ইমাম খাইর, সিবিএন:
অপতথ্য ও গুজবকে সত্য সাংবাদিকতা দিয়ে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অপতথ্য এবং গুজব একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। আমরা যদি সত্য সাংবাদিকতা ঠিক মতো করতে পারি তাহলে অপতথ্য এবং গুজব কিছুই করতে পারবে না।
শুক্রবার (৩ জুলাই) শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদাল আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, পর্যটন শহর, সীমান্ত করিডোর, রোহিঙ্গাদের আবাস, ভূরাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা কারনে কক্সবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সুতরাং এখানকার সাংবাদিকদের সক্ষম করে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রশিক্ষণ অবশ্যই জরুরী।
প্রধান অতিথি বলেন, গত ১৭ বছর গণমাধ্যম কালো অধ্যায় মোকাবিলা করেছে। স্বাধীন সাংবাদিকতায় প্রচুর ঝুঁকি নিতে হয়েছে। মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছে অসংখ্য সাংবাদিক। বর্তমান সরকার তৃণমূল থেকে সকল গণমাধ্যমের সাথে ভালো সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করছে।
গুজব ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে কর্মশালায় আলোচনা করেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
সরকারের উন্নয়ন ভাবনায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।
কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মো. মনিরুজ্জামান খান।
কক্সবাজারের সাংবাদিকতার অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনাসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে কর্মশালায় বক্তব্য রাখেন, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, আমার দেশ এর স্টাফ রিপোর্টার আনছার হোসেন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল।।
পিআইডির কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।