আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ প্রধানঝিরি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা চোরাকারবারিরা ১৬টি কার্টনে থাকা ইয়াবা ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্তে মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
