সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ;

বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস. এম. জিয়াউদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন। নির্বাচন পরিচালনায় ছিলেন রাজধানী টিভির প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম এবং কালবেলা পত্রিকার প্রতিনিধি সুজন চৌধুরী। তাদের সহায়তা করেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম ও থানচি প্রেসক্লাবের সভাপতি মংবাথোয়াই মার্মা অনুপম।

দীর্ঘ প্রায় ২৭ বছর পর নানা জটিলতা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

নির্বাচনে সভাপতি পদে এস. এম. জিয়াউদ্দিন জুয়েল ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপু তঞ্চঙ্গ্যা পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রহমান পান ৬ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার মো. জসিম উদ্দিন ও নির্বাচন পরিচালক মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে সভাপতি পদে এস. এম. জিয়াউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান এবং কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমানকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ, কালবেলা পত্রিকার লামা প্রতিনিধি বিপ্লব দাশ, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।