নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া;

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বিশেষ তল্লাশি অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পিকআপ চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী খাটরা হালিম সিকদার বাড়ি এলাকার আলী হোসেনের ছেলে মনির হোসেন (৩৯) এবং পিকআপের হেলপার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ কলাতলী এলাকার ছালেহ আহমদের ছেলে রিয়াদুল ইসলাম (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, থানার বিশেষ চেকপোস্টে তল্লাশিকালে একটি পিকআপে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।