সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ;

বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান জেলার অতিরিক্ত উপপরিচালক সুমন কুমার বসাক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা। তিনি পার্টনার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের আরও দক্ষ ও স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে অংশগ্রহণকারী সফল কৃষকরা মাঠ পর্যায়ে অর্জিত তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়ন, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।