নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাজারী-কক্সবাজার রেলপথের আমিরাবাদ নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মো. শাহজাহান বলেন, “চাকরির সন্ধানে প্রায় ১৫ দিন আগে ছেলে তার নানার বাড়িতে এসেছিল। এমন মর্মান্তিকভাবে তাকে হারাতে হবে, তা কখনো কল্পনাও করিনি।”
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
