আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলোচিত ব্যবসায়ী মো. আজিজুল হক ওরফে আজিজ খলিফা হত্যা মামলার প্রধান আসামি কাপড় ব্যবসায়ী উদয়ন ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৮ দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত ২১ মে রাতে কক্সবাজার থেকে আজিজ খলিফাকে অপহরণ করা হয়। অপহরণের পর তিনি আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো একটি অডিও বার্তায় বাইশারী বাজারের কাপড় ব্যবসায়ী উদয়ন ধরের নাম উল্লেখ করে নিজের জীবনের শঙ্কার কথা জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, অপহরণের পর আজিজ খলিফার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে অপহরণকারীরা তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে উদয়ন ধরকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গ্রেপ্তার এড়ানোর পর অবশেষে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজিজ খলিফার মৃত্যুর পর থেকেই আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাইশারী ইউনিয়নে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের আন্দোলন ও জনমতের চাপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছেন তারা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে।”