সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;

“প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃষি উপকরণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মালেকসহ প্রকল্পের উপকারভোগীরা।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। তিনি “প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা ও আগুন লাগানোর ফলে বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস হচ্ছে। বনভূমি কমে যাওয়ায় বন্যপ্রাণী বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে এবং পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। দুর্গম কুরুকপাতা রিজার্ভ এলাকাসহ বিভিন্ন স্থানে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

তাঁরা আরও বলেন, জুম চাষের বিকল্প হিসেবে ফলজ বাগান সম্প্রসারণ করলে পরিবেশ ও প্রকৃতি রক্ষা পাবে। কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই সবুজ পৃথিবী গড়া সম্ভব।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। জনসচেতনতার মাধ্যমে বৃক্ষরোপণ বাড়িয়ে একটি নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

পরে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।