সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রূপমুহুরী রিসোর্টের হলরুমে আলীকদম উপজেলা বিএনপি (জাবেদ রেজা গ্রুপ)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর আইয়ুব খান, জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর কবির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর এবং পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আজিজের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, মো. ইউনুছ মিয়া, মো. জয়নাল আবেদীন, আব্দুল হামিদসহ উপজেলা, ইউনিয়ন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
