আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি ;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয় উপজেলার প্রশাসনের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি-রামু রুটে জনপ্রতি ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিএনজি সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অন্যান্য কারণ দেখিয়ে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে সাংবাদিকরা বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনেন। পরে রামু ও গর্জনিয়া প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু রুটের ভাড়া জনপ্রতি ৬০ টাকা নির্ধারণ করা হয়।
সভায় সিএনজি সমিতির নেতারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার আশ্বাস দেন। একই সঙ্গে তারা জানান, জ্বালানির দাম কমলে ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান চালকদের যাত্রীসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং সবাইকে আইন ও নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দেন। তিনি চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন।
সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ হক বাহাদুর, অর্থ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ ইউনুসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং সিএনজি সমিতির নেতৃবৃন্দ।
