সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ;

বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।

পুলিশ জানায়, মো. সোহেল নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের দেওয়া ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ মোট ৪৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, “আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”