কক্সবাজার, ১লা জুন ২০২৬:

কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর রানিং ও এক্স-ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মহামিলনমেলা ‘ক্যাডেট ব্রিজ ২০২৬’। কক্সবাজার এক্স-ক্যাডেট এলায়েন্স (কেকা)-এর উদ্যোগে গত ৩০ মে ২০২৬ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরবর্তী ইউনি রিসোর্টের মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক্স-ক্যাডেট জনাব এস. এম. আক্তার উদ্দিন চৌধুরী এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এক্স-ক্যাডেট জনাব গিয়াস উদ্দিন জিকু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্স-ক্যাডেট সার্জেন্ট মঈন উদ্দীন রাকিব, এক্স-কর্পোরাল আসিফা বিনতে রিমু এবং এক্স-সিইউও মাহমুদুল হাসান সজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘ক্যাডেট ব্রিজ’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও এক্স-সিইউও আরিফুর রহমান আজাদ। অনুষ্ঠানের সভাপতিকে বিএনসিসির ঐতিহ্যবাহী দরবার উপস্থাপন করেন অনুষ্ঠানের আরএসএম ও এক্স-সিইউও শাহ আহমদ উল্লাহ আল মোমেন এবং অ্যাডজুট্যান্ট ও এক্স-সিইউও শাহেদুল ইসলাম রায়হান।

এ আয়োজনে কক্সবাজার জেলার বিভিন্ন কলেজের বিএনসিসি’র সেনা, নৌ ও বিমান শাখার রানিং ও এক্স-ক্যাডেটদের পাশাপাশি ইউনিভার্সিটি ট্রেনিং কোর (UTC), ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর (UOTC), জুনিয়র ক্যাডেট কোর (JCC)-এর সদস্য এবং চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন জেলার বর্তমান ও সাবেক ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনসিসির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সচেতনতামূলক র‍্যালি, ক্যাম্পজীবনের স্মৃতিচারণ, সিইউও মিট-আপ, সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং আপ্যায়নসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিএনসিসি শুধু একটি প্রশিক্ষণমূলক সংগঠন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গঠনের একটি অনন্য প্ল্যাটফর্ম। বর্তমান ও সাবেক ক্যাডেটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিন পর বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটরা একত্রিত হয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কক্সবাজার এক্স-ক্যাডেট এলায়েন্স (কেকা)-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের মূল লক্ষ্য হলো বিএনসিসির ঐতিহ্য, একতা, ভ্রাতৃত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্ববোধকে সমুন্নত রেখে কক্সবাজারের সার্বিক উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে অবদান রাখা। ‘ক্যাডেট ব্রিজ ২০২৬’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।