শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও দীপেন দেওয়ানের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও লেখেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণে তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং একই দিনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে কর্মরত থাকার পর ২০০৫ সালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আসছে। তবে পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী দায়িত্ব বণ্টন বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।