নাছির উদ্দিন সোহেল, মহেশখালী:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬ উপলক্ষে মহেশখালীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আয়োজিত এ র‍্যালিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালির উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাবেক নির্বাচিত সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উদ্বোধনের পর র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

“শাটল গিরি পারাবার, এসো মিলি বারেবার” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে মহেশখালী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন এবং আনন্দঘন পরিবেশে র‍্যালিটি মিলনমেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, অ্যালামনাই মিলনমেলা শুধু একটি পুনর্মিলনী নয়; এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, পুরোনো স্মৃতি রোমন্থন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আত্মিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে। পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে সবাই আরও বেশি অনুপ্রাণিত হবেন।