আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাইশারী ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইশারী ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুল কবির। পরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পার্বত্যবিষয়ক সম্পাদক আবদুর রশিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম মেম্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছব্বির আহমেদ কোম্পানিসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, ওলামা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাইশারী ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
