আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গাসহ প্রায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (২৩ মে) সকাল ও দুপুরে উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে জারুলিয়াছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৯ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ৪৭/১-এস-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সড়কের জিআর-২৯৪৬৮২ এমএস ৮৪ সি/৩ এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় রাখা মোট ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ২৯ হাজার ৬৭৫ পিস এবং সবুজ রঙের ৩০৩ পিস ইয়াবা ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ৮৯ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা। আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গিয়েছিল এবং উদ্ধারকৃত ইয়াবা পাচারের সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।
আটককৃতরা হলেন— কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুর রফিক (৩০), নুর মোহাম্মদ (২৮), মো. শহিদুল আমীন (১৯), মো. নুর মোহাম্মদ (৩০), মো. ইকবাল হোসেন (৩০), মো. খালেক হোসেন (৩৩), মো. আহসান হাবিব (২৪), মো. আরব (২০) এবং মো. হাসোন আলী (২৬)।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”
