পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার একটি একাডেমিক ভবনে স্থাপিত এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন— তানভীর হোছাইন (১৬), আব্দুর রহিম (১৬), গালিব (১৬) ও দূর্জয় শীল। তারা সবাই পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালে অভিযুক্ত মোহাম্মদ মোকাদ্দেস (২২) এক ছাত্রীকে মোবাইল নম্বর দিতে বলেন। শিক্ষার্থীরা নম্বর দিতে অস্বীকৃতি জানালে তিনি আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুই শিক্ষার্থীকে আঘাত করা হয় এবং অপর দুইজনকে মারধর করে তাদের রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলার কারণে বহিরাগতরা সহজেই ভেতরে প্রবেশ করতে পেরেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দীন আমিন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, বিষয়টি জানা গেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এজাহার পেলে মামলা রুজু করা হবে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল আজিম নিলয় বলেন, তিনি ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
