স্টাফ রিপোর্টার, পেকুয়া;
কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিগুলোর মেয়াদ আগামী ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে।
বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোছাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোস্তফা জমির শিক্ষক প্রতিনিধি এবং মোহাম্মদ আলমগীর অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।
টৈটং উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটিতে টৈটং বটতলী শফিকিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও টৈটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনকে সভাপতি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহকে অভিভাবক প্রতিনিধি সদস্য এবং নজরুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি সদস্য করা হয়েছে।
অন্যদিকে, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন হৃদয়কে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে থাকবেন। এছাড়া ফোরকান আহমেদকে শিক্ষক প্রতিনিধি সদস্য এবং আমির হোছাইনকে অভিভাবক প্রতিনিধি সদস্য করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
