সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ;
বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ (PAEP-3) প্রকল্পের উদ্যোগে এবং আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানালী পাড়া, মেরিংচর এবং খ্রেদিং ম্রো পাড়ায় এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কারিতাস আলীকদমের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় স্বাস্থ্য ক্যাম্পেইন কার্যক্রম সম্পন্ন হয়।
স্বাস্থ্য ক্যাম্পে তিনটি পাড়া থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে তিনজন শিশুর মধ্যে হাম-রুবেলার লক্ষণ শনাক্ত করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
