সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবাসহ আটক এক যুবককে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার সদ্দার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী হাফেজ আহমেদের বসতঘরে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সদ্দার পাড়ার হাফিজ আহমেদের ছেলে ছাদেক হোসেন (২৫)।
খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯(১)(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) সারণির ১৭ ধারায় তাকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
