নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অনুষ্ঠিত “সমৃদ্ধি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর কোয়ার্টার ফাইনাল খেলায় থোয়াইঙ্গাকাটা একাদশ টাইব্রেকারে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আলিমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে থোয়াইঙ্গাকাটা একাদশ ও পুনর্বাসন পাড়া একাদশ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে ৩-২ গোলে পুনর্বাসন পাড়া একাদশকে হারিয়ে জয় তুলে নেয় থোয়াইঙ্গাকাটা একাদশ।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আবদুর রশিদ বলেন, “বর্তমান যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন যুবকদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও সহায়ক।”

তিনি আরও বলেন, “গ্রামাঞ্চলে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নুর জাহান বেগম, বিশিষ্ট সমাজসেবক হামিদুল হক, বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ হোসাইন এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন মেম্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুর রহিম।