সিবিএন ডেস্ক:
কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের মান্যবর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। মঙ্গলবার (১৯ মে ২০২৬) দিনব্যাপী নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে তাঁর এ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন হয়।
সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং কলেজের বিএনসিসি (সেনা শাখা)-এর একটি চৌকস ক্যাডেট দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।
সকাল ১১টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কলেজ পরিদর্শক। প্রথমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথ মতবিনিময়ে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের সভাপতিত্বে শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বক্তব্যে তিনি বলেন, “যে কোনো পর্যায়ের সেবাপ্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রবেশদ্বার সবসময় উন্মুক্ত। বোর্ডে না এসে কিংবা মাত্র একবার এসেই যেন সেবাপ্রার্থীরা তাদের কাজ সম্পন্ন করতে পারেন, আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার শাখায় কোনো ধরনের অনিয়ম কিংবা সেবাগ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা রক্ষার্থে যেকোনো প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মুসলেহ উদ্দিন। তিনি বলেন, “প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম মহোদয় কলেজ পরিদর্শক পদে যোগদানের প্রথম মাসেই তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর সংস্কারমুখী উদ্যোগ সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করেছে।”
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং কলেজ পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আবুল কাসেম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যক্ষ।
পরে কলেজ পরিদর্শক কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ঘুরে দেখেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অধ্যক্ষ এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে বিকাল ৪টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
