আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, আব্দুল আলীম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর আবু নাসের, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল এবং থানার প্রতিনিধি পুলিশ কর্মকর্তা মো. আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির সদস্যরা।
সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এ উপজেলায় চোরাচালান সংশ্লিষ্ট বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় থানার প্রতিনিধি মো. আব্বাসী বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও ৩৪ বিজিবির প্রতিনিধিরা জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. এনামুল হাসান নাইক্ষ্যংছড়ির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে বলেন, মাদক নির্মূল, যানজট নিরসন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি সহজ হবে।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
