সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম 

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের মেজর মো. হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, মানবপাচার প্রতিরোধ, অবৈধভাবে গাছ কাটা ও বালু উত্তোলন বন্ধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ইকো-ট্যুরিজম ব্যবস্থাপনা এবং পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি অত্র এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে আলীকদম উপজেলায় হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সেগুলো প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া শুধু আলীকদমের দুর্গম এলাকায় নয়, তাঁর সাত উপজেলার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলেও পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান।

সভায় উপস্থিত হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।