সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,  আলীকদম; 

জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম বাজার এলাকায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ বিষয়ক বাস্তবমুখী ও সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টায় আলীকদম সেনা জোন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক পরিকল্পনা, নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহড়াটি সফলভাবে সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম, আলীকদম বাজার সমিতির সভাপতি মো. নজরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মহড়ায় আলীকদম সেনা জোন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের পর করণীয় বিভিন্ন ধাপ বাস্তব পরিস্থিতির অনুকরণে উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্রুত ঘটনাস্থল ঘেরাও, বাজারের জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আগুনের উৎস শনাক্তকরণ এবং তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম।

পুরো মহড়াজুড়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বাজার কমিটি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে কার্যকর সমন্বয় লক্ষ্য করা যায়, যা মহড়াটিকে বাস্তবসম্মত ও শিক্ষণীয় করে তোলে।

এই মহড়ার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। একই সঙ্গে অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং সমন্বিত উদ্ধার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

আলীকদম সেনা জোন সূত্রে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিত আয়োজন করা হবে বলেও জানানো হয়।

মহড়া শেষে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘন ঘন এ ধরনের সচেতনতামূলক মহড়া আয়োজনের দাবি জানান।