আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন চকরিয়া-লামা হাকখেলা পূর্ণগ্রাম এলাকায় একটি অসুস্থ মা হাতিকে পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৬ মে) সকাল থেকে নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে হাতিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মা হাতিটির সঙ্গে একটি ছোট শাবকও রয়েছে। মা হাতির পাশেই শাবকটিকে ঘুরতে দেখা যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে শাবকটি আতঙ্কিত হয়ে ডাকাডাকি করতে থাকে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাদ্যের অভাবে হাতিটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাতিটির প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
খবর পেয়ে ঈদগাঁও থেকে বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল ঘটনাস্থলে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয়দের সহায়তায় হাতিটিকে ওষুধ প্রয়োগ করা হচ্ছে।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল বলেন, “ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ আনা হয়েছে। তবে এই চিকিৎসায় হাতিটি পুরোপুরি সুস্থ হবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
স্থানীয়রা দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মা হাতি ও তার শাবক নিরাপদে বেঁচে থাকতে পারে।
