মো. এমরান, লামা;
বান্দরবানের লামা উপজেলার একটি ইটভাটায় মাটিবাহী ডাম্পার গাড়ির চাপায় মো. সাইফুল ইসলাম নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) ভোররাতে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাম্যাখোলা এলাকায় ফকরুল সওদাগরের মালিকানাধীন এসবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে সাইফুল ইসলাম ইটভাটার কাজে পাহাড়ের মাটি কেটে গাড়িতে তুলছিলেন। এ সময় হঠাৎ তিনি মাটিবাহী ডাম্পার গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, সাইফুল ইসলাম দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি পরিবারের সহায়তায় ইটভাটায় কাজ করতেন। তারা দাবি করেন, ডাম্পার গাড়িটি চালকের পরিবর্তে হেলপার দিয়ে চালানো হচ্ছিল। অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
