আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আসামিবিহীন ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় সন্দেহভাজন মাদক কারবারিদের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় কারবারিরা রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক, পদাতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।