পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালিকা বিভাগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নিয়ে জেলার সেরা হওয়ার কৃতিত্ব দেখায় প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৫ মে) দুপুর ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহেশখালীর মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও অর্জন করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। সেরা গোলদাতা নির্বাচিত হন সানজিয়া সোলতানা নুরী। সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের পুরস্কার পান ফাতেমা জান্নাত তামান্না। এছাড়া সেরা খুদে খেলোয়াড় নির্বাচিত হন আতিকা সোলতানা এনি। দলের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আব্বাস উদ্দিন আজাদ।
জেলা পর্যায়ে শিরোপা জয়ের মাধ্যমে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
