সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদমে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে হাসপাতালে ভর্তি হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, “প্রত্যন্ত দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে টিকাদান ও প্রাথমিক চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আজ সকালে হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় কুরুকপাতা থেকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই সংপ্রং ম্রো নামে একজনের মৃত্যু হয়।”
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “এ এলাকায় বিশুদ্ধ পানির সংকট ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের অভাব রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুরুকপাতা এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও বিশুদ্ধ পানির ব্যাপক সংকট রয়েছে।”
