আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পেটান আলী পাড়ায় অবস্থিত ফাতেমা নূর হাজেরা তাহফিজুল কোরআনুল কারিম হেফজখানা ও এতিমখানায় এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১ মে (শুক্রবার) পবিত্র জুমার দিন এশার নামাজের পর হেফজখানা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য আবদুর রহমানের সঞ্চালনায় নবীন হাফেজ আবিদকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা একজন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে বিবেচিত।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক দুবাইপ্রবাসী নুরুল বশরকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকবর্তিকা। তাদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হেফজখানা ও এতিমখানার ভূমিকা অপরিসীম। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানদের এমন একটি ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
