সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম 

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

তথ্যসূত্রে জানা যায়, আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের একটি আবাসিক এলাকার সড়কের ওপর অবস্থান করছিলেন আবু রায়হানের ছেলে মো. আব্দুর রহমান (মুন্না) এবং মোহাম্মদ ইসলাম (প্রকাশ ইসমাইল ডাক্তার)-এর ছেলে মো. আরমান হোসেন (৩০)। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরুল ইসলাম পাড়া ও আবাসিক পাট্টাখাইয়া পাড়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।