সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার ইউবিএম ইটভাটাকে ২ লাখ টাকা, এবিএম ইটভাটাকে ৩ লাখ টাকা এবং এফবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ইটভাটা থেকে মোট ৪ হাজার ৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।
সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আলীকদম উপজেলার বিভিন্ন ইটভাটায় অবৈধভাবে মাটি কাটা ও বনের কাঠ মজুদ করে ইট পোড়ানো হচ্ছিল।
ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পুরোনো ইটভাটা পরিচালনার অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে বলেও তিনি জানান।
