জায়েদ হাসনাইন তানজিম, সিবিএন :

কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০২০–২১) শিক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায় শিক্ষাথী

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কলেজের হলরুমে এ প্রোগ্রাম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাছির উদ্দিন এবং সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোপাল কৃষ্ণ দাস, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেবুন নেছা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী ভুট্টো, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. ইকবাল উদ্দিনসহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে পরীক্ষায় সাফল্যের পাশাপাশি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলাও সহজ হবে।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাছির উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান এবং বিভাগের সকল শিক্ষকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণ করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণ এবং সীমানা প্রাচীর নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি-সংক্রান্ত ফি পরবর্তী সেশন থেকে প্রত্যাহারের কথাও জানান। ভবিষ্যতে অনার্স ৪র্থ বর্ষের সকল বিভাগের জন্য বিদায় অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন তিনি।

নিয়মিত শিক্ষাথীরা

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ফুল, ক্রেস্ট ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।