আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান। প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় জনগণের মধ্যে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বান্দরবানের অর্থায়নে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার ১০০ মিটার সড়কের কার্পেটিং এবং ৩০০ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। নির্ধারিত সময় জুন হলেও কাজটি চলতি এপ্রিলেই শেষের পথে।

দীর্ঘদিন অবহেলিত এই সড়কটি আগে চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও গর্তে ভরা রাস্তায় যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বর্তমানে উন্নয়নকাজের ফলে সড়কের চিত্র বদলে গেছে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা করিম ও সাইদ আলম বলেন, সড়কটি চালু হলে বাইশারী ও ঈদগড় এলাকার মানুষের চলাচল সহজ হবে, কৃষিপণ্য পরিবহন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। শিক্ষা ও চিকিৎসাসেবাও আরও সহজলভ্য হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বাইশারী-ঈদগড় সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। আগে এ পথে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষায়। তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে আমরা কাজ করছি এবং গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।”

এদিকে এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, পাহাড়ি এলাকায় নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। “বাইশারী-ঈদগড় সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি,” বলেন তিনি।

এলজিইডির এ ধরনের উন্নয়ন উদ্যোগ পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে নাইক্ষ্যংছড়িকে।