সিবিএন ডেস্ক;

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণিস্থ জলিলের দোকান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অ্যাম্বুলেন্সে করে মাদকের একটি চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শহীদ সরণির জলিলের দোকান মোড় এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।

এসময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।