সিবিএন ডেস্ক;

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদা পাহাড় এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন ওই পর্যটক। এ সময় পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, সাদা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তিনি আরও বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।