সিবিএন ডেস্ক;
চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে কক্সবাজারের উখিয়ার এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসিনা আক্তার (৩২) উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মফিজুর রহমানের মেয়ে এবং দুই সন্তানের জননী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ, যা ঘটনাটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রামে যান হাসিনা আক্তার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে পটিয়ার শিকলবাহা খাল থেকে উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।
নিহতের স্বামী বর্তমানে ওমানে প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
