সিবিএন ডেস্ক;
পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ টহল পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের টেকনাফ-এ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন-এর উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে একটি বড় মাদকের চালান হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ (প্রকাশ রাসেল) (২৫), মো. সোহেল উদ্দিন (প্রকাশ লালু) (২৩) এবং এহসান উল্লাহ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পেশাদার মাদক কারবারি এবং সীমান্ত দিয়ে আসা বড় মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে কেউ যেন মাদক পাচার বা কোনো ধরনের নাশকতার সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বড় ধরনের মাদকের চালান পাহারায় নিয়োজিত ছিল এবং তাদের পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ তাদের টেকনাফ মডেল থানা-এ সোপর্দ করা হয়েছে।
