পেকুয়া প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রতিভা অন্বেষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পেকুয়ায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে বাছাই কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন শিবির সম্পন্ন হয়েছে। এ আয়োজন ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শিলখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং ভবিষ্যৎ জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এ ধরনের উদ্যোগের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. সফওয়ানুল করিম। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্কুল পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন ভবিষ্যতে জাতীয় দলের জন্য যোগ্য খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন, নিয়মিত খেলাধুলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পেকুয়ার কোচ আমির আব্দুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ক্রিকেট দলের সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে ক্রিকেটের আধুনিক কলাকৌশল, ফিটনেস, দলগত সমন্বয় এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ মোমিনুল হক এবং কক্সবাজার জেলার প্রধান কোচ সুজিত দাস। তারা শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের নির্বাচন করে পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দেশের স্কুলভিত্তিক ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।