পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়া এমপিসি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টায় দক্ষিণ মেহেরনামা মোরার পাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় উত্তর মেহেরনামা ফুটবল একাদশ ও দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করলেও কোনো দল গোলের দেখা পায়নি।

পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। স্নায়ুচাপের এ পর্বে বাজার পাড়া ফুটবল একাদশ ৫-৪ গোলে উত্তর মেহেরনামা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য আলী হোছাইন, এম. আবু নোমান ও জয়নাল আবেদীন। পুরো খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য দেন বিশিষ্ট ধারাভাষ্যকার জিয়া উদ্দিন জিয়া।

ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাজার পাড়া ফুটবল একাদশের গোলরক্ষক মামুন “ম্যান অব দ্য ম্যাচ” ও “সেরা গোলরক্ষক” নির্বাচিত হন। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য উত্তর মেহেরনামা ফুটবল একাদশের হেফাজ উদ্দিন “টুর্নামেন্ট সেরা খেলোয়াড়” নির্বাচিত হন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজিম সওদাগর, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদুল আলম।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াবিদ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের মাদকমুক্ত রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন অতিথিরা।