পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়কে অনিয়মে জড়িত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের এবং মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গুরুত্বপূর্ণ চৌমুহনী এলাকায় পেকুয়া ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম নুরুল আখতার নিলয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের জারিকৃত গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৭টি পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইনের ৭৫ ও ৯২ ধারায় এসব দণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে পেকুয়া ফিলিং স্টেশনে সংরক্ষিত ডিজেল, অকটেনসহ বিভিন্ন জ্বালানির মজুত ও সংরক্ষণ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় সংশ্লিষ্টদের যথাযথ নিয়ম মেনে জ্বালানি সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম নুরুল আখতার নিলয় জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা ঝুঁকি কমাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি চালক ও মালিকদের বৈধ কাগজপত্রসহ যানবাহন পরিচালনার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।
