পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক্স-এয়ারআলীয়ান ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গেম চেঞ্জার ২১। রুদ্ধশ্বাসকর ফাইনাল ম্যাচে তারা রয়েল স্ট্রাইকার্স ২২-কে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৪টায় রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে, যা এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে রয়েল স্ট্রাইকার্স ২২ নির্ধারিত ১২ ওভারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ ১৪৩ রান দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে গেম চেঞ্জার ২১ চাপের মুখেও ধৈর্য ও কৌশলী ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছে যায়, ফলে তারা ১ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে “ম্যান অব দ্য ফাইনাল” নির্বাচিত হন গেম চেঞ্জার ২১-এর সাইদুল ইসলাম জয়। তিনি গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট শিকার করেন এবং একটি মেডেন ওভার করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন গেম চেঞ্জার ২১-এর অধিনায়ক মিরাজ উদ্দিন। তিনি টুর্নামেন্টে ২৭৩ রান করার পাশাপাশি ৮টি উইকেট শিকার করে অলরাউন্ড দক্ষতার পরিচয় দেন।

অন্যদিকে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন রয়েল স্ট্রাইকার্স ২২-এর ওপেনার নাঈম শেখ এবং সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন একই দলের বোলার আরফাত। শৃঙ্খলা, দলীয় আচরণ ও খেলোয়াড়সুলভ মনোভাবের জন্য “ফেয়ার প্লে” পুরস্কার অর্জন করে ব্লু রাইডাস দল।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুইছড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্বাস উদ্দিন আজাদ, ডাচ-বাংলা ব্যাংক রাজাখালী আউটলেটের এজেন্ট আলী ওয়াজেদ তাহের, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াবুল করিম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফরিদুল মোস্তফা সিদ্দিকী ও মোহাম্মদ ফোরকান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ। আয়োজক কমিটির প্রধান হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও বিভিন্ন দলের খেলোয়াড়রা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।