সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ;

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল আল মামুন ও ইমতিয়াজ। তাঁদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে দুজন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।