সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ ২০২৬) উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায়ক্রমে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সালামি ও অভিবাদন গ্রহণ করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনও উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা হয়।

