মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইয়াংছা কালিরঝিরি এলাকার আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াংবাড়ী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)। দুর্ঘটনায় ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে একটি ট্রাক ইয়াংছার দিকে যাচ্ছিল। পথে ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারও কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে শুক্রবার সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।