সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

‎বাংলাদেশের পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের এক হাজার সাতানব্বইটি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

‎মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালীর উপকার ভোগীদের নিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

‎বান্দরবান পার্বত্য জেলায় বাঙ্গালীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি।

‎দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

‎সরকার দেশের প্রান্তিক,হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার আবদুর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।